বাংলাদেশের শিক্ষার্থীদের কর্মসংস্থান বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) ব্যবস্থার আধুনিকায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে লন্ডনে চলমান এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এর সাইডলাইনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
যুক্তরাজ্যের পক্ষে বৈঠকে অংশ নেন জোনাথন লেজার, যিনি দেশটির ডিপার্টমেন্ট ফর বিজনেস অ্যান্ড ট্রেডের ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্র্যাটেজি ডেলিভারি লিড হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কেমব্রিজ পার্টনারশিপ ফর এডুকেশন, পিয়ারসন এবং যুক্তরাজ্যভিত্তিক বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। আলোচনায় বাংলাদেশের শিক্ষার্থীদের কর্মসংস্থান সক্ষমতা বৃদ্ধি, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ জোরদার এবং বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক কারিকুলাম প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিরা বর্তমান সরকারের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অগ্রাধিকার তুলে ধরেন এবং তরুণদের আন্তর্জাতিক চাকরির বাজারের উপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিনিধি জোনাথন লেজার বিভিন্ন দেশের জাতীয় চাহিদা অনুযায়ী শিক্ষা ও দক্ষতা উন্নয়নে যুক্তরাজ্যের অভিজ্ঞতা তুলে ধরেন। উভয় পক্ষ বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী করতে যুক্তরাজ্যের অভিজ্ঞতা ও প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সহযোগিতা বাস্তবায়িত হলে দেশের তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক কর্মবাজারে তাদের প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী হবে।
রিপোর্টারের নাম 






















