আন্তর্জাতিক দাবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘ফুবি একাডেমি নর্ম দাবা প্রতিযোগিতা-সিরিজ ৩’ এর গ্র্যান্ডমাস্টার ইভেন্টে নিজের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করেছেন। এই টুর্নামেন্টে তিনি অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এর আগে ২০২৪ সালের মার্চ মাসে ভিয়েতনামের হ্যানয় গ্র্যান্ডমাস্টারস দাবা থেকে তিনি প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম লাভ করেন। বর্তমানে ১৮টি খেলায় দুটি নর্ম অর্জন করেছেন তিনি। গ্র্যান্ডমাস্টার হতে হলে আরও একটি নর্ম এবং রেটিং ২৫০০ অর্জন করতে হবে।
প্রতিযোগিতায় ৯ রাউন্ডে ৭ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা জয় করেন ফাহাদ। অষ্টম রাউন্ডে তিনি ইরানের আন্তর্জাতিক মাস্টার পোউর আগা বালা আমিররেজাকে পরাজিত করেন। নবম ও শেষ রাউন্ডে তিনি জর্জিয়ার আন্তর্জাতিক মাস্টার নিগালিদজে গাইওজের সাথে ড্র করেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাকিজা গ্রুপ ফাহাদ রহমানকে আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদান করে।
তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ, জর্জিয়া, হাঙ্গেরি, ইরান, পোল্যান্ড ও তুরস্কের মোট ১০ জন খেলোয়াড় অংশ নেন। এদের মধ্যে গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার, ফিদে মাস্টার এবং ক্যান্ডিডেট মাস্টার রয়েছেন।
রিপোর্টারের নাম 

























