ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশের ক্রিকেটীয় পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তিনি মনে করেন, বাংলাদেশ এখন বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত।
সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের জয়ে ২-০ ব্যবধানে স্মরণীয় সিরিজ জয় নিশ্চিত করার পর ওয়াসিম আকরাম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বাংলাদেশের কাছে পাকিস্তানের এভাবে হার আমাকে হতাশ করেছে। তবে তাদের পূর্ণ কৃতিত্ব দিতে হবে, কারণ তারা দুর্দান্ত ক্রিকেট খেলেছে।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক বিশেষভাবে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বিবর্তন এবং পিচ প্রস্তুতির উন্নতির প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘একসময় বাংলাদেশের উইকেট ছিল ধীরগতির, নিচু বাউন্সের এবং স্পিন সহায়ক। কিন্তু এখন তারা দারুণ টেস্ট উইকেট তৈরি করছে, যা তাদের দ্রুত উঠে আসা পেসারদের সহায়তা করছে। এই পেসাররাই পাকিস্তানকে গতি দিয়ে পরাস্ত করেছে।’
৫৮ বছর বয়সী এই কিংবদন্তি তরুণ পেসার নাহিদ রানার বোলিংয়ে বিশেষভাবে মুগ্ধ হয়েছেন। তিনি আরও যোগ করেন, ‘এই ফরম্যাটে সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ এখন প্রস্তুত। নাহিদ রানা কী অসাধারণ প্রতিভা—তাকে দেখতে সত্যিই দারুণ লাগে। অভিনন্দন বাংলাদেশ!’
রিপোর্টারের নাম 

























