কব্জির ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় উইম্বলডনের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নভঙ্গ হলো স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারেজের। মঙ্গলবার তিনি নিজেই উইম্বলডন এবং কুইন্স ক্লাব টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
আলকারেজ এক বিবৃতিতে জানান, তার পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে এগোলেও, তিনি এখনও খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নন। এই কারণে তিনি কুইন্স এবং উইম্বলডন উভয় টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন। গত বছর উইম্বলডন ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারের কাছে হেরেছিলেন এই স্প্যানিশ তারকা।
বার্সেলোনা ওপেনে চোট পাওয়ার পর থেকেই আলকারেজ মাদ্রিদ ওপেন, রোম মাস্টার্স এবং ফ্রেঞ্চ ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন। রোলাঁ গারোঁতে তিনি টানা দুইবারের বর্তমান চ্যাম্পিয়ন ছিলেন।
চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হন বিশ্ব র্যাঙ্কিংয়ের দুই নম্বর এই টেনিস তারকা। ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনে মূল পর্বে অভিষেকের পর এটি তার তৃতীয়বারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যাম মিস করা।
রিপোর্টারের নাম 

























