ফেডারেশন কাপের ফাইনাল ঘিরে দেশের ফুটবল অঙ্গনে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে বসুন্ধরা কিংস জানিয়েছে, তারা এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আর খেলতে আগ্রহী নয়। একই সঙ্গে ম্যাচটি বাতিল করে প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে চ্যাম্পিয়ন ঘোষণা করে তাদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে ক্লাবটি।
বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভা চলাকালীন বাফুফে সাধারণ সম্পাদক বরাবর এই চিঠি পাঠায় বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ফেডারেশন কাপের ফাইনাল আয়োজন নিয়ে বাফুফের বর্তমান ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। টুর্নামেন্টের স্পষ্ট নীতিমালা থাকা সত্ত্বেও এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার পর প্রক্রিয়াটি যেভাবে এগিয়েছে, তাতে ফাইনালের দিন পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতি ক্লাবটিকে চরম বিব্রতকর অবস্থায় ফেলেছে বলে তারা দাবি করেছে।
মূলত মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিংস অ্যারেনায় খেলতে অস্বীকৃতি এবং এ বিষয়ে বাফুফের সিদ্ধান্তহীনতাকে এই পরিস্থিতির জন্য দায়ী করছে কিংস। নিরাপত্তা ইস্যুতে আপত্তি তুলে পাঁচ দিন আগেই কিংস অ্যারেনায় খেলতে না চেয়ে বাফুফেকে চিঠি দিয়েছিল মোহামেডান। তবে বাফুফে এ বিষয়ে তৎপরতা শুরু করে ম্যাচের মাত্র একদিন আগে। বাফুফে সভাপতি দুই ক্লাবের সঙ্গে বৈঠক করে সমাধানের আশ্বাস দিলেও শেষ মুহূর্ত পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কিংস এই কঠোর অবস্থান গ্রহণ করে।
বসুন্ধরা কিংসের দাবি, তারা ফুটবলের স্বার্থে অনেক প্রতিকূলতা মেনে নিয়ে বিভিন্ন ভেন্যুতে খেলেছে। এমনকি মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সুযোগ-সুবিধার ঘাটতি থাকা সত্ত্বেও তারা ম্যাচ খেলেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিজেদের আত্মমর্যাদাকেই বড় করে দেখছে ক্লাবটি।
রিপোর্টারের নাম 

























