উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে নেইমারের অংশগ্রহণ নিয়ে এতদিন যে অনিশ্চয়তা ছিল, তা অবসান ঘটিয়ে কার্লো আনচেলত্তি তাকে ব্রাজিলের চূড়ান্ত দলে রেখেছেন। ইতালিয়ান কোচের নেইমারের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা আনন্দ-উল্লাসে ফেটে পড়ে।
ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার অন্যতম আকর্ষণ ছিল নেইমারের নাম। দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে কোচ আনচেলত্তি নেইমারকে নিয়ে বলেন, ‘আমরা সারা বছর ধরে নেইমারকে পর্যবেক্ষণ করেছি। গত বছর সে ধারাবাহিকভাবে খেলেছে এবং বর্তমানে বেশ ভালো শারীরিক অবস্থায় রয়েছে। এই বিশ্বকাপের জন্য সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তবে দলে তার ভূমিকা এবং দায়িত্ব বাকি ২৫ জন খেলোয়াড়ের মতোই সমান, সে মূল একাদশে খেলুক কিংবা বেঞ্চে। আমরা মূলত তার ফিটনেস যাচাই করেছি, কারণ নেইমারের মূল সমস্যাটা ছিল শারীরিক।’
আনচেলত্তি আরও যোগ করেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোতে সে নিয়মিত খেলেছে এবং বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে নিজের ফিটনেস আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে। এই ধরনের বড় টুর্নামেন্টে নেইমারের অভিজ্ঞতা এবং দলের প্রতি তার ভালোবাসা স্কোয়াডের ভেতরে একটি দারুণ পরিবেশ তৈরি করবে, যা দলের সেরা পারফরম্যান্স বের করে আনতে সাহায্য করবে।’
রিপোর্টারের নাম 

























