বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের নতুন জাতীয় দলের কোচের বিষয়ে আজ মঙ্গলবার একটি জরুরি সভায় বসছে। জার্মান কোচ বার্ন্ড স্টর্ক এবং ফিলিপাইনের সাবেক কোচ টমাস ডুলি—এই দুজনের মধ্য থেকে একজনকে বেছে নেওয়ার পথে এগোচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
জরুরি সভার আগে অনুষ্ঠিত হবে টিম ম্যানেজমেন্ট কমিটির বৈঠক। সেখানে জাতীয় দলের নতুন কোচ নিয়োগের পাশাপাশি ফেডারেশন কাপের ভেন্যু নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, ‘আজ জাতীয় টিমস কমিটি ও বাফুফের জরুরি সভা রয়েছে। সেখানে এসব বিষয় নিয়ে আলোচনা হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা যখন চূড়ান্ত পর্যায়ে গিয়েছিলাম, তখন এক এজেন্ট এজেন্ট ফি দাবি করেন। নীতি ও নিয়মের কারণে আমরা তা দিতে রাজি হইনি। ফলে সেই আলোচনা সেখানেই শেষ হয়ে যায়।’
তবে তিনি আশা প্রকাশ করেছেন যে, আজ বা আগামীকালের মধ্যেই নতুন কোচের সঙ্গে সমঝোতা চুক্তি সম্পন্ন হবে। চুক্তি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে। তিনি আরও জানান, নতুন কোচের অধীনে আগামী ২৪ তারিখ থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
রিপোর্টারের নাম 

























