বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো কাউন্সিলর মনোনয়নের নোটিশ প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার (১৮ মে) বিভিন্ন ক্লাবের চার বছরের জন্য মনোনীত ছয় জন কাউন্সিলর এই রিট দায়ের করেন।
রিটে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি, বিসিবির প্রধান নির্বাহী এবং বান্দরবান, খুলনা, লক্ষ্মীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা জেলার প্রশাসককে বিবাদী করা হয়েছে।
রিটকারীরা হলেন— বিভিন্ন ক্লাবের চার বছরের জন্য মনোনীত কাউন্সিলর আরমানুল ইসলাম নয়ন, মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ মুন্না ও মো. রাকিবুল ইসলাম।
এর আগে গত ১৩ মে এই ছয় কাউন্সিলর সরকার ও বিসিবির প্রতি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। নোটিশে সাড়া না পেয়ে তারা রিট আবেদন করেন।
কাউন্সিলরদের পক্ষে আইনজীবী মো. শফিকুল ইসলাম জানান, ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর জেলা পর্যায়ে কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে তারা চার বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন। তাদের মেয়াদ বহাল থাকা অবস্থায় বিসিবির নির্বাচন সামনে রেখে নতুন করে কাউন্সিলর মনোনয়নের নোটিশ পাঠানো হয়েছে, যা আইনত বৈধ নয়। তিনি ছয় দিনের মধ্যে এই নোটিশ প্রত্যাহারের দাবি জানান, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
এছাড়াও, নোটিশে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী শালিসি আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 



















