সৌদি আরবে যোগ দেওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো। শনিবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ফাইনালে নিজেদের মাঠে জাপানের গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরেছে আল নাসর। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো হতাশাজনক হার নিয়ে মাঠ ছাড়লেন পর্তুগিজ তারকা।
২০২৩ সালে রেকর্ড অঙ্কের চুক্তিতে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই প্রথম শিরোপার খোঁজে রয়েছেন সিআর সেভেন। জাপানের ক্লাবটি তার এই স্বপ্ন পূরণে নতুন বাধা হয়ে দাঁড়ালো। দ্বিতীয়ার্ধে আল নাসরের একের পর এক আক্রমণ প্রতিহত করে দেয় গাম্বা ওসাকা।
কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ২৬ হাজার দর্শকের সামনে আল নাসরকে পরিষ্কার ফেবারিট হিসেবে ধরা হলেও, ম্যাচের একমাত্র গোলটি করে গাম্বা ওসাকা। খেলার ধারার বিপরীতে ২৯ মিনিটে ফরোয়ার্ড ডেনিজ হুমেত দলের জয়সূচক গোলটি করেন।
এর আগে সপ্তাহের শুরুতে সৌদি প্রো লিগেও শিরোপার লড়াইয়ে হোঁচট খায় আল নাসর। আল হিলালের বিপক্ষে যোগ করা সময়ে গোলরক্ষক বেন্তোর আত্মঘাতী গোলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ওই ম্যাচে জিততে পারলে সৌদি ঘরোয়া লিগে প্রথম শিরোপা নিশ্চিত হতো রোনালদোর। চার দিন পর রিয়াদে আরও একটি বড় হতাশা সঙ্গী হলো তার।
লিগে আল নাসরের আর একটি ম্যাচ বাকি। আল হিলালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থাকলেও, শেষ ম্যাচে জিতলেই শিরোপা নিশ্চিত হবে তাদের।
রিপোর্টারের নাম 

























