ময়মনসিংহের গফরগাঁওয়ে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরি করতে সরকার সব ধরনের সহায়তা দেবে। তিনি জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে সারা দেশে যে ক্রীড়া জাগরণ সৃষ্টি হয়েছে, তা থেকে উদীয়মান প্রতিভাদের খুঁজে বের করে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার বিকেলে গফরগাঁওয়ের পাগলায় কান্দিপাড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও জানান, দেশের ফুটবলকে এগিয়ে নিতে বাফুফের সঙ্গে আলোচনা করে দক্ষ কোচ নিয়োগের ক্ষেত্রেও মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে।
টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে উস্থি কে বি এন স্পোর্টিং ক্লাবকে ১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দত্তেরবাজার বয়েজ অ্যাসোসিয়েশন। গফরগাঁও আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাকির হোসেন বাবলু ও ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 

























