ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের বিরতিতে আয়োজন করা হতে যাচ্ছে জাঁকজমকপূর্ণ কনসার্ট। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শিরোপা নির্ধারণী ম্যাচে দর্শকদের সুরের মূর্ছনায় ভাসাবেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা, কলম্বিয়ান গায়িকা শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা সম্প্রতি এই চমকপ্রদ খবরটি নিশ্চিত করেছে।
২০১০ বিশ্বকাপের সেই বিখ্যাত ‘ওয়াকা ওয়াকা’ গানের গায়িকা শাকিরা এবার নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে জুটি বেঁধে ‘দাই দাই’ শিরোনামের নতুন একটি গানে পারফর্ম করবেন। এর আগেও ২০০৬, ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বকাপে পারফর্ম করে বিশ্ব মাতিয়েছেন এই কিংবদন্তি। এবারের ফাইনাল শো-র কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করবেন কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিন। ফিফা জানিয়েছে, এই কনসার্ট থেকে অর্জিত অর্থ বিশ্বজুড়ে শিশুদের সহায়তায় ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ দান করা হবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই আয়োজনকে ফুটবলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টের মর্যাদা রক্ষায় এমন জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। ফাইনালের বিরতিতে এই বিশেষ শো-র জন্য ম্যাচের নির্ধারিত বিরতির সময় কতটা বাড়বে, তা নিয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে ফুটবল প্রেমীরা যে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছেন, তা নিশ্চিত।
রিপোর্টারের নাম 

























