বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পদোন্নতির দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। গতকাল বুধবার দ্বিতীয় দফায় টানা তৃতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষকেরা, যার ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করে কাজে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, পদোন্নতি দাবির এই আন্দোলনে আওয়ামীপন্থি কয়েকজন শিক্ষক নেতৃত্ব দিচ্ছেন। ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আন্দোলনরত শিক্ষকদের মধ্যে কেউ কেউ রাজনৈতিক বক্তব্য রাখছেন এবং সরকারের প্রতি সমর্থন জানাচ্ছেন। আন্দোলনকারীদের মধ্যে ড. আবদুল বাতেন চৌধুরী, ড. মো. আব্দুল কাইয়ুম, এবং ইসরাত জাহান লিজার মতো শিক্ষকরা রয়েছেন, যারা বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রচারণায়ও যুক্ত ছিলেন বলে জানা গেছে।
গত ২১ এপ্রিল থেকে পদোন্নতির দাবিতে শিক্ষকেরা শাটডাউনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। মাঝে কয়েক দিন সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হলেও গত ১১ মে থেকে পুনরায় শাটডাউন শুরু হয়েছে। এই কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে এবং শিক্ষার্থীদের মধ্যে সেশনজটের শঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন বিভাগের অন্তত ৩২টি ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি পরীক্ষার নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এতে শিক্ষার্থীরা অনিশ্চয়তা ও হতাশায় ভুগছেন।
রিপোর্টারের নাম 
























