আগামী শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি স্থানীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
বুধবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে ডা. শফিকুর রহমান রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত রংপুর মডেল কলেজ মিলনায়তনে উপজেলা ও থানা আমির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এরপর তিনি রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য, জেলা ও মহানগরী আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে তিনি ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগরী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হবেন।
সফরের দ্বিতীয় অংশে বিকেল সাড়ে ৪টায় রংপুর মহানগর জামায়াতের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির। এই সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম এবং আমন্ত্রিত স্থানীয় জাতীয় সংসদ সদস্যবৃন্দ।
রিপোর্টারের নাম 
























