আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা নিয়ে এখন ফুটবল বিশ্বে জল্পনা তুঙ্গে। বিশেষ করে দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রকে নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড দীর্ঘ সময় ধরে চোটের সঙ্গে লড়াই করছেন। সান্তোসের জার্সিতে মাঠে ফিরলেও আগের সেই ছন্দে দেখা না যাওয়ায় তার বিশ্বকাপ দলে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগামী সোমবার বিশ্বকাপের জন্য সেলেসাওদের চূড়ান্ত দল ঘোষণা করবেন। নেইমারকে দলে নেওয়ার বিষয়ে ভক্তদের ব্যাপক আবেগ থাকলেও কোচের কাছে খেলোয়াড়দের ফিটনেসই এখন প্রধান বিবেচ্য বিষয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, নেইমার দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একজন প্রতিভাবান খেলোয়াড়। তবে তার বর্তমান চোট ও ফিটনেস পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা সহজ নয়।
আনচেলত্তি আরও বলেন, দল নির্বাচনের ক্ষেত্রে অনেক সূক্ষ্ম বিষয় মাথায় রাখতে হয়। নেইমার ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন এবং ইদানীং তার খেলায় উন্নতিও দেখা যাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দলের ভারসাম্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবতে হবে। নেইমারের অভিজ্ঞতা দলের জন্য সম্পদে পরিণত হতে পারে, নাকি তার ফিটনেস সমস্যা দলের জন্য বাধা হবে—সেটিই এখন বড় আলোচনার বিষয়।
রিপোর্টারের নাম 
























