ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে একাই ম্যাচের গল্প লিখলেন আলিস আল ইসলাম। রহস্য স্পিনের জাদুতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটারদের দিশেহারা করে হ্যাটট্রিকসহ ৬ উইকেট শিকার করেছেন এই ডানহাতি স্পিনার। তাঁর দুর্দান্ত বোলিংয়ের মুখে গাজী গ্রুপ ১৯৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে।
বুধবার ইউ ল্যাব ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রাইম ব্যাংক প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩০৩ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে ব্যাট করতে নেমে আলিসের ঘূর্ণি বলে গাজী গ্রুপ মাত্র ১০৫ রানে গুটিয়ে যায়। ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত ছিল আলিসের এক স্পেল, যেখানে তিনি পরপর দুই বলে সালমান হোসেন ও মাহফুজুল ইসলামকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। পরের বলেই আরিদুল ইসলাম আকাশকে বোল্ড করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।
আলিস ৯.২ ওভারে মাত্র ২১ রান খরচায় ৬ উইকেট শিকার করেন, যার মধ্যে একটি মেডেন ওভার ছিল। লিস্ট ‘এ’ ক্রিকেটে হ্যাটট্রিক করা বাংলাদেশের ১৫তম বোলার হিসেবে তিনি এই কীর্তি গড়েন এবং ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে ১১তম বোলার হিসেবে নাম লেখান। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংকের দুই ওপেনার শাহাদাত হোসেন দীপু ও আজিজুল হাকিম তামিম ১৪৬ রানের উদ্বোধনী জুটি গড়েন। দীপু ৭১ এবং তামিম ৭৮ রান করেন। মধ্যভাগে শামীম হোসেন পাটোয়ারী ৪৫ বলে অপরাজিত ৫১ এবং আবু হায়দার রনি ১৭ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন, যা দলকে তিনশ পার করতে সাহায্য করে। গাজী গ্রুপের হয়ে মাহফুজুল ইসলাম ৪ উইকেট নিলেও, ব্যাটে কেউ দলকে লড়াইয়ে ফেরাতে পারেননি। চার ম্যাচ শেষে এটি প্রাইম ব্যাংকের টানা চতুর্থ জয়।
রিপোর্টারের নাম 






















