বাংলাদেশ ব্যাংক ঋণ মেয়াদোত্তীর্ণে দণ্ড সুদের হার কমিয়েছে। এখন থেকে কোনো ঋণ মেয়াদোত্তীর্ণ হলে ব্যাংকগুলো শূন্য দশমিক ৫০ শতাংশ হারে দণ্ড সুদ নিতে পারবে। পূর্বে এই হার ছিল দেড় শতাংশ। চলমান ঋণের মোট স্থিতি এবং মেয়াদি ঋণের বকেয়া কিস্তির ওপর এই দণ্ড সুদ আরোপ করা যাবে। এ সংক্রান্ত একটি সার্কুলার বুধবার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ কার্যক্রম গতিশীল করা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দণ্ড সুদের হার কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের ৮ মে জারি করা একটি সার্কুলারের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর সর্বোচ্চ দেড় শতাংশ হারে দণ্ড সুদ নির্ধারণ করা হয়েছিল।
নতুন নির্দেশনা অনুযায়ী, চলমান ও তলবি ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ ঋণস্থিতির ওপর সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবে। আর মেয়াদি ঋণের ক্ষেত্রে শুধুমাত্র মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর এই হার প্রযোজ্য হবে।
রিপোর্টারের নাম 





















