মৌলভীবাজারে জেলা প্রশাসন কর্তৃক ২০২৫-২৬ অর্থবছরের জন্য স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদানের জন্য নির্বাচিত ১০ জন সরকারি কর্মচারীর মাঝে চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল নিজ কার্যালয়ে এই চেকগুলো বিতরণ করেন।
বেসামরিক প্রশাসনে কর্মরত অবস্থায় গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতায় পতিত হওয়া বা মৃত্যুবরণ করা সরকারি কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদানের নীতিমালা-২০২০ অনুযায়ী এই অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে আটজন মৃত সরকারি কর্মচারীর পরিবারকে প্রতিজন ৮ লাখ টাকা হারে মোট ৬৪ লাখ টাকা এবং দুজন স্থায়ী অক্ষম কর্মচারীকে প্রতিজন ৪ লাখ টাকা হারে মোট ৮ লাখ টাকার চেক প্রদান করা হয়।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, বেসামরিক প্রশাসনে দায়িত্ব পালনকালে সরকারি কর্মচারীদের মৃত্যু বা গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতায় পতিত হওয়া অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এই কঠিন সময়ে সরকারের পক্ষ থেকে প্রদত্ত আর্থিক অনুদান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও সহায়ক হবে এবং তাদের সাহস যোগাবে। তিনি আরও জানান, সরকার সব সময় সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 



















