ফিফা বিশ্বকাপ ২০২৬-এর জন্য আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের মিশন শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ইতিমধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী, চূড়ান্ত ২৬ সদস্যের দলের মধ্যে ২২ জন ফুটবলারের জায়গা প্রায় নিশ্চিত। অর্থাৎ, বড় ধরনের কোনো চোট বা অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে এই ২২ জনকেই আসন্ন বিশ্বকাপে দেখা যাবে। এখন কোচ লিওনেল স্কালোনির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাকি চারটি জায়গা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া।
গোলরক্ষক বিভাগে এমিলিয়ানো মার্তিনেজ ও জেরোনিমো রুল্লির জায়গা নিশ্চিত ধরা হচ্ছে। তৃতীয় গোলকিপারের জন্য হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেজের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে, যেখানে সাম্প্রতিক পারফরম্যান্সের দিক থেকে বেনিতেজ কিছুটা এগিয়ে আছেন। রক্ষণভাগে নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকোর নাম প্রায় নিশ্চিত। তবে পঞ্চম সেন্টার-ব্যাক হিসেবে কাকে নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এই জায়গায় মার্কোস সেঞ্চি ও ফাকুন্দো মেদিনা আলোচনায় আছেন।
মিডফিল্ডে লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, নিকোলাস গঞ্জালেস, এক্সেকিয়েল পালাসিওস, নিকোলাস পাস ও থিয়াগো আলমাদার জায়গা প্রায় নিশ্চিত। আক্রমণভাগে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, জুলিয়ানো সিমিওনে ও হোসে লোপেসের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে। বাম প্রান্তের রক্ষণভাগ নিয়েও কিছু ধোঁয়াশা আছে; অভিজ্ঞ মার্কোস আকুনিয়া ও গাব্রিয়েল রোহাসের মধ্যে একজন সুযোগ পেতে পারেন। বহুমুখী খেলোয়াড় হিসেবে ভ্যালেন্তিন বারকোকেও স্কালোনি বিবেচনায় রাখছেন।
এছাড়া, শেষ দিকের একটি জায়গার জন্য জিওভানি লো সেলসো, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাসিমো পেরোনে ও জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি আলোচনায় আছেন। তবে নিষেধাজ্ঞার কারণে প্রেস্টিয়ান্নির সুযোগ কিছুটা কমে যেতে পারে। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবারও শিরোপার অন্যতম দাবিদার। সেই লক্ষ্যেই কোচ স্কালোনি ধীরে ধীরে নিজের সেরা কম্বিনেশন গুছিয়ে নিচ্ছেন।
রিপোর্টারের নাম 

























