লা লিগার শিরোপা জয়ের পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারানোর দ্বিগুণ আনন্দ উদযাপন করছে বার্সেলোনা। এই ঐতিহাসিক অর্জনের উৎসবে মেতে উঠেছিল পুরো কাতালান শহর। ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করে ফুটবলাররা সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন, যেখানে প্রায় সাড়ে সাত লাখ ফুটবল ভক্তের ঢল নেমেছিল।
এই বাঁধনহারা উদযাপনের ভিড়ে তরুণ ফুটবলার লামিনে ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যাওয়ায় তা নতুন আলোচনার জন্ম দিয়েছে। সমর্থকদের উচ্ছ্বাসের মাঝে ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা নাড়াতে দেখে অনেকেই এটিকে ফিলিস্তিনি জনগণ ও তাদের অধিকারের প্রতি সমর্থনের প্রতীকী বার্তা হিসেবে দেখছেন। দ্রুতই এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
উৎসব শোভাযাত্রার একপর্যায়ে ইয়ামাল একটি জার্সি উঁচিয়ে ধরেন, যাতে লেখা ছিল, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে, আমি মাদ্রিদিস্তা (রিয়াল মাদ্রিদের সমর্থক নই)।’ বার্সা সমর্থকরা যখন শিরোপা জয়ের আনন্দে ভাসছে, তখন রিয়াল ভক্তরা ডুবেছিল হতাশায়। কেননা, রিয়ালকে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই ১৪ পয়েন্টের লিড নিয়ে শিরোপা নিশ্চিত করে ফেলেছিল বার্সেলোনা।
ক্লাব বার্সেলোনা এক বিবৃতিতে এই উদযাপন প্রসঙ্গে জানিয়েছে, “বার্সেলোনা আবারও বার্সার প্রতি নিজেদের আবেগ প্রদর্শন করেছে। শহরের রাস্তাগুলো ব্লুগ্রানা সমর্থকদের সমুদ্রে পরিণত হয়েছিল। এই দলটি ইতিহাসে একের পর এক সাফল্যের অধ্যায় লিখে চলেছে এবং নিজেদের মানুষের মাঝে থেকেই নতুন শিরোপা উদযাপন করেছে।”
রিপোর্টারের নাম 

























