বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণের পর থেকেই সভাপতি তামিম ইকবাল নতুন কিছু করার চেষ্টা করছেন। নিউজিল্যান্ড সিরিজ এবং চলমান পাকিস্তান সিরিজে ক্রিকেটারদের উৎসাহিত করার জন্য বাইক উপহার দেওয়ার পর এবার আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে সেরা পারফর্মারকে পুরস্কৃত করা হবে একটি বিলাসবহুল গাড়ি দিয়ে।
মঙ্গলবার (১২ মে) মিরপুরে বিসিবি এবং গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান চেরির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে সেরা মূল্যবান বাংলাদেশি ক্রিকেটার এই গাড়িটি পুরস্কার হিসেবে পাবেন।
মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, সেখানে সেরা মূল্যবান বাংলাদেশি ক্রিকেটারকে চেরি একটি গাড়ি দেবে।’ তিনি আরও বলেন, ‘গত দেড়-দুই বছরে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি যে জায়গায় ছিল, সেখান থেকে বেরিয়ে এসে চেরির মতো একটি ব্র্যান্ড আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এটা বিসিবির জন্য খুবই ইতিবাচক। গত ও এই সিরিজে বাইক কোম্পানি এসেছে। প্রায় ২০ বছর পর চেরি আবার এই উদ্যোগ নেওয়ায় তাদের ধন্যবাদ জানাই।’
তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর থেকেই স্পন্সর প্রতিষ্ঠানগুলো ক্রিকেটে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। তিনি বলেন, ‘আমার জন্য নয়, তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। আমাকে বিসিবির দায়িত্ব দেওয়া হয়েছে, এবং স্পন্সরের কাছে যাওয়া আমার দায়িত্বের মধ্যেই পড়ে। যখন আমি এই কাজটি করেছি, তারা আমাকে সম্মান করেছেন।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ওয়ানডে সিরিজটি ৯, ১১ ও ১৪ জুন ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হবে। এরপর ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ।
রিপোর্টারের নাম 

























