রাজশাহীতে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে। রবিবার (১০ মে) নগরীর মতিহার থানা এলাকায় এই ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার যুবক তুষার (১৮) নগরীর কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তুষারকে দুই যুবক বেধড়ক লাঠি পেটা করছেন। মারধর শুরুর আগে একজনকে বলতে শোনা যায়, ‘চালু করে দিয়েছি।’ ক্যামেরা চালু করার পরপরই শুরু হয় নির্যাতন। ভিডিওতে দেখা যায়, ৪৫ সেকেন্ডে তুষারকে অন্তত ১৪ বার লাঠি দিয়ে আঘাত করা হয়। মারধরের সময় তিনি ব্যথায় চিৎকার করতে থাকেন এবং একপর্যায়ে আঘাত থামাতে কাকুতি মিনতি করেন। কিন্তু নির্যাতনকারীদের মন গলেনি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানিয়েছেন, আহত তুষারকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগ তুলে তাকে মারধর করা হয়েছে। তিনি আরও বলেন, কোনও অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কাউকে গাছে বেঁধে নির্যাতন করা এবং সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া— দুটিই গুরুতর অপরাধ। চিকিৎসা শেষে ভুক্তভোগী থানায় অভিযোগ করলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 























