রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) এর ডাকে আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। নিজেদের এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে এই কর্মসূচি শুরু করেছে দলটি।
অবরোধ কর্মসূচির অংশ হিসেবে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং, উজোবাজারসহ বিভিন্ন সড়কের ওপর বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতেও দেখা গেছে। এর প্রভাবে সাজেক-দীঘিনালার পাশাপাশি দীঘিনালা-বাঘাইছড়ি সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে।
অবরোধের কারণে সাজেক পর্যটনকেন্দ্রের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। খোয়াল বুক রিসোর্টের ব্যবস্থাপক সমীরণ চাকমা জানান, প্রতিদিন সকাল ১০টায় বাঘাইহাট থেকে সাজেক এবং সাজেক থেকে বাঘাইহাটের উদ্দেশে পর্যটকবাহী যানবাহন ছেড়ে যায়। তবে অবরোধের কারণে নির্ধারিত সময়ে যানবাহন চলাচল নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে সাজেকের রিসোর্টগুলোতে পর্যটকের সংখ্যাও খুবই কম বলে তিনি উল্লেখ করেন।
জানা যায়, সম্প্রতি সাজেকের শুকনাছড়া এলাকায় ইউপিডিএফ-প্রসীত গ্রুপের সদস্য হেগেরা চাকমাকে গুলি করে হত্যা করা হয়। ইউপিডিএফের (প্রসীত) দাবি, ইউপিডিএফ-গণতান্ত্রিকের লোকজন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। দলটির মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘‘হত্যাকাণ্ডের বিচার ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আমাদের সড়ক অবরোধ কর্মসূচি চলছে।’’
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপিডিএফ-গণতান্ত্রিকের সংগঠক অমর জ্যোতি চাকমা বলেন, যেখানে ঘটনা ঘটেছে, সেখানে তাদের দলের কোনো কার্যক্রম নেই। ইউপিডিএফ-গণতান্ত্রিকের ওপর অহেতুক দোষ চাপানো হচ্ছে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানিয়েছেন, হত্যার ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সজাগ দৃষ্টি রয়েছে।
রিপোর্টারের নাম 

























