নোয়াখালীর হাতিয়া উপজেলায় ৫৪ বছর আগে সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া এক জেলে অবিশ্বাস্যভাবে নিজ বাড়িতে ফিরে এসেছেন। সাগরে যার সলিল সমাধি হয়েছে ধরে নিয়ে স্বজনরা কয়েক দশক আগেই ফেরার আশা ছেড়ে দিয়েছিলেন, সেই ছৈয়দ আহাম্মদ (৮৩) বৃদ্ধ বয়সে আবারও ফিরে এসেছেন নিজের ভিটেমাটি ও প্রিয়জনদের কাছে। অর্ধশতাব্দীরও বেশি সময় পর তার এই ফিরে আসার খবর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ দশক আগে কুতুবদিয়া উপকূলে মাছ ধরতে গিয়ে বড় ধরনের ট্রলার দুর্ঘটনার কবলে পড়েন ছৈয়দ আহাম্মদ। দীর্ঘ সময় তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা ধরে নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই। তবে সম্প্রতি জানা গেছে, দুর্ঘটনার পর কোনোভাবে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান। সেখানে দীর্ঘ সময় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জীবন অতিবাহিত করেন তিনি। সম্প্রতি ভারতের হাওড়া স্টেশনে ছিনতাইয়ের শিকার হওয়ার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠায়।
গত ৫ মে হাতিয়া পৌরসভার পাঁচবিঘা গ্রামে নিজের বাড়িতে পৌঁছান ছৈয়দ আহাম্মদ। শুরুতে তাকে চিনতে কষ্ট হলেও পরে স্থানীয় বয়োজ্যেষ্ঠ ও আত্মীয়-স্বজনরা তাকে শনাক্ত করেন। এদিকে, দীর্ঘদিন পর ফিরে আসার এই ঘটনায় পরিবারে নতুন করে আইনি ও সামাজিক জটিলতাও দেখা দিয়েছে। তার ছেলে আকরাম হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সেখানে অভিযোগ করা হয়েছে, বাবার ফিরে আসার পর পারিবারিক সম্পদ ও তাকে নিজেদের হেফাজতে নেওয়া নিয়ে কিছু আত্মীয়ের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।
রিপোর্টারের নাম 
























