যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে এসে পৌঁছেছে। বর্তমানে মরদেহটি তার পৈতৃক নিবাস মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের পথে রয়েছে। বৃষ্টির অকাল মৃত্যুর সংবাদে তার নিজ এলাকায় স্বজন ও প্রতিবেশীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার সকালে বৃষ্টির পৈতৃক বাড়িতে গিয়ে দেখা যায়, তাকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় জমিয়েছেন শত শত মানুষ। সেখানে চলছে কবর খোঁড়ার কাজ। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃষ্টির মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর যাবতীয় প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে স্বজনরা মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হন।
এলাকাবাসীর কাছে বৃষ্টি ছিলেন এক অনুপ্রেরণার নাম। তার এমন মর্মান্তিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। বৃষ্টির স্বজনরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। তারা জানান, বৃষ্টি কেবল পরিবারের আলো ছিলেন না, তিনি ছিলেন পুরো এলাকার গর্ব। স্থানীয় বাসিন্দারা এই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রিপোর্টারের নাম 























