আসন্ন ফুটবল বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ফিফা এবার ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে। প্রথমবারের মতো তিন আয়োজক দেশ – মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত হবে আলাদা তিনটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এতে অংশ নেবেন বিশ্বখ্যাত সব সংগীত শিল্পী, যা এই মহাযজ্ঞকে এক নতুন মাত্রা দেবে।
শুক্রবার ফিফা নিশ্চিত করেছে যে, আন্তর্জাতিকভাবে খ্যাতিমান সংগীত শিল্পী কেটি পেরি, ফিউচার, অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, জে বালভিন ও লিসা সহ আরও অনেকে এই উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন।
বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোতে। আগামী ১১ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পারফর্ম করবেন কলম্বিয়ার জনপ্রিয় শিল্পী জে বালভিন, একাধিক গ্র্যামিজয়ী মেক্সিকান রক ব্যান্ড মানা এবং পপ তারকা আলেহান্দ্রো ফার্নান্দেজ। এছাড়াও উপস্থিত থাকবেন মেক্সিকোর লাতিন পপ তারকা বেলিন্ডা, গায়ক ও গীতিকার লিলা ডাউনস, দক্ষিণ আফ্রিকার শিল্পী টাইলা এবং ঐতিহ্যবাহী মেক্সিকান কুম্বিয়া ঘরানার সংগীত পরিবেশনকারী ব্যান্ড লস অ্যাঞ্জেলেস আজুলেস।
পরের দিন, ১২ জুন, টরন্টোতে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে কানাডা। সেই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেইয়েজ ও নোরা ফাতেহিসহ একাধিক শিল্পী। আয়োজকদের ভাষ্য, এই অনুষ্ঠানে কানাডার বৈচিত্র্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হবে।
একই দিনে লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। সেখানকার উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে তারকাদের ঝলক। ২০১৫ সালে সুপার বোল হাফটাইম শো মাতানো পপ তারকা কেটি পেরি আবারও একটি বড় ক্রীড়া মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন র্যাপার ফিউচার, কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসা, ব্রাজিলিয়ান সংগীত তারকা আনিত্তা, রেমা ও টাইলা।
ফিফা জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে আরও কয়েকজন শিল্পীর নাম পরে ঘোষণা করা হবে। এছাড়াও ভেনেজুয়েলার রেগেটন শিল্পী ড্যানি ওশান এবং বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে সঞ্জয়ও অনুষ্ঠানে অংশ নেবেন। আয়োজকদের পক্ষ থেকে দর্শকদেরও এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ করে তোলার পরিকল্পনা রয়েছে এবং এজন্য ভক্তদের আগেভাগে স্টেডিয়ামে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























