নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এপ্রিল মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বা মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। এই তালিকায় নাহিদের সঙ্গে আরও রয়েছেন ওমানের ব্যাটার যতিন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার অজয় কুমার।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন নাহিদ। পুরো সিরিজে তিনি শিকার করেছেন ৮টি উইকেট। তার বোলিং গড় ছিল মাত্র ১৬.৭৫ এবং ইকোনমি রেট ছিল ৪.৪৬। এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি সিরিজসেরার পুরস্কারও নিজের ঝুলিতে ভরেছিলেন।
মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারসেরা বোলিং করেন এই পেসার। কিউই ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দিয়ে মাত্র ৩২ রান খরচায় তুলে নেন ৫টি উইকেট। এছাড়া প্রথম ওয়ানডেতে একটি এবং শেষ ম্যাচে দুটি উইকেট পান তিনি। তার এই বিধ্বংসী বোলিংয়ের ওপর ভর করেই কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। মূলত ক্রিকেট ভক্তদের ভোট এবং বিশেষজ্ঞ প্যানেলের যৌথ মূল্যায়নের ভিত্তিতে মাসের শেষদিকে বিজয়ীর নাম ঘোষণা করবে আইসিসি।
রিপোর্টারের নাম 
























