লা লিগার শিরোপা দৌড়ে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদের মধ্যে অস্থিরতা বাড়ছে। ক্লাসিকো ম্যাচের আগে অনুশীলনে সতীর্থ অরেলিয়েন চুয়ামেনির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আহত হয়েছেন ফেদেরিকো ভালভার্দে। এই ঘটনার জেরে দুই মিডফিল্ডারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘দলের অনুশীলন চলাকালীন ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় আমাদের খেলোয়াড় ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়ান চুয়ামেনির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর দুই খেলোয়াড়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’
অনুশীলনের সময় ফাউলকে কেন্দ্র করে ভালভার্দে ও চুয়ামেনির মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তারা একে অপরকে ধাক্কাধাক্কিও করেন। পরদিন ড্রেসিংরুমে দুই খেলোয়াড়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতি হয়। এই সময় ভারসাম্য হারিয়ে একটি টেবিলে ধাক্কা লাগলে ভালভার্দের কপাল ফেটে যায়। হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এই উরুগুয়ের মিডফিল্ডারকে।
এই আঘাতের কারণে ভালভার্দেকে ১০ থেকে ১৪ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ফলে রবিবার বার্সেলোনার বিপক্ষে হাইভোল্টেজ এল ক্লাসিকো ম্যাচে ভালভার্দেকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।
হাসপাতাল থেকে ফিরে এক বিবৃতিতে ভালভার্দে নিজের দায় স্বীকার করেছেন। তিনি জানান, খেলার ক্লান্তি এবং দলের নাজুক পরিস্থিতির হতাশা থেকেই এই ঘটনার সূত্রপাত। তিনি আরও জানান, চুয়ামেনি তাকে আঘাত করেননি এবং তিনিও তাকে আঘাত করেননি। তবে তর্কের এক পর্যায়ে তিনি দুর্ঘটনাক্রমে একটি টেবিলে আঘাত পেয়ে আহত হন।
রিপোর্টারের নাম 























