সিলেট অঞ্চলে হামের উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার রাতে মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে। এ নিয়ে হাসপাতালে হাম ও এর উপসর্গে মোট ২৪ শিশুর জীবনহানি হলো।
শুক্রবার দুপুরে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল উমর মুনীর রাশেদ এই তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার মারা যাওয়া চার শিশুর মধ্যে রয়েছে সিলেট নগরের বাসিন্দা আট মাসের মাহদি হাসান, দক্ষিণ সুনামগঞ্জের ছয় মাসের মুস্তাকিন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের সাত মাস বয়সী জারা এবং দিরাইয়ের আট মাস বয়সী রাইহানা।
হাসপাতাল সূত্র জানায়, শিশু মাহদিকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। শিশু মুস্তাকিনকেও ৩ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং বৃহস্পতিবার সন্ধ্যায় সে মারা যায়। এছাড়া শিশু জারা ও রাইহানাও বৃহস্পতিবার রাতে মারা যায়।
এর আগে বৃহস্পতিবার সকালে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেঞ্চুগঞ্জের এক বছরের শিশু সজিবুল ইসলামেরও মৃত্যু হয়। চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রাইহানার মৃত্যু হয়।
সিলেট বিভাগের সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নুরে আলম শামীম জানিয়েছেন, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালেই ভর্তি আছেন ৯২ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৬৬ জন নতুন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রিপোর্টারের নাম 





















