ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের প্লে-অফ ও ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এবারের আসরের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। শুরুতে বেঙ্গালুরুতে ফাইনাল আয়োজনের কথা থাকলেও স্থানীয় কিছু জটিলতা ও শর্তের কারণে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বোর্ড।
ঘোষিত সূচি অনুযায়ী, লিগ পর্বের খেলা শেষ হবে ২৪ মে। এরপর ২৬ মে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার। যেখানে লড়াই করবে টেবিলের শীর্ষ দুই দল। এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ দুটি আয়োজিত হবে চন্ডীগড়ের নবনির্মিত আন্তর্জাতিক স্টেডিয়ামে। আর আগামী ৩১ মে আহমেদাবাদে জমকালো ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আইপিএলের।
বোর্ড জানিয়েছে, বিশেষ পরিস্থিতি বিবেচনায় এবার প্লে-অফের ম্যাচগুলো তিনটি ভিন্ন ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ক্রিকেটপ্রেমীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে দিতে এবং মাঠের সুযোগ-সুবিধা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























