কর্মক্ষেত্রে নারী কর্মীদের মানসিক প্রশান্তি নিশ্চিত করতে এবং একটি সুস্থ কাজের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে এনসিসি ব্যাংক। ‘মাইন্ড ম্যাটারস: ওয়ার্কপ্লেস মেন্টাল হেলথ টক ফর ওমেন’ শীর্ষক এই কর্মশালাটি সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ১৪২ জন নারী কর্মকর্তা সরাসরি অংশ নেন এবং সারা দেশের শাখাগুলো থেকে কর্মকর্তারা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হন।
কর্মশালাটি পরিচালনা করেন বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের প্রধান ডা. নাসিম জাহান। তিনি কর্মক্ষেত্রে মানসিক চাপের ব্যবস্থাপনা, আবেগীয় স্থিতিশীলতা এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় নারী কর্মীদের মানসিক অবস্থা মূল্যায়নের জন্য বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃত টুলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, যা তাদের প্রাথমিক পর্যায়ে উদ্বেগ ও বিষণ্ণতা শনাক্ত করতে সহায়তা করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিসি ব্যাংকের টেকসই ও নারী ব্যাংকিং ইউনিটের প্রধান নিঘাত মমতাজ। অংশগ্রহণকারীরা ব্যাংকের এই উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন। তারা জানান, বর্তমানের প্রতিযোগিতামূলক ও পরিবর্তনশীল কর্মপরিবেশে এ ধরনের সেশন তাদের আত্মবিশ্বাস ও কর্মস্পৃহা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
রিপোর্টারের নাম 

























