দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৪৯ জন শিশু। গত একদিনে নতুন করে ৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১০২৪ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে। গত দেড় মাসে মোট ৩৯ হাজার ৩২৫ জন শিশুর মধ্যে এই রোগের লক্ষণ পাওয়া গেছে।
হাসপাতালগুলোর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৬ হাজার ৯১১ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩ হাজার ২২৫ জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকা প্রদান এবং উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
রিপোর্টারের নাম 























