ফেনীর পরশুরামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার রাতে পৌরসভার ডাকবাংলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন বাউরখুমা গ্রামের এমরান হোসেন বিজয় (২১) ও নিশান নাথ (২১)। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকবাংলা মোড় এলাকায় ওই দুই যুবকের সন্দেহজনক গতিবিধি এবং হাতে ধারালো অস্ত্র দেখে স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে। তবে তাদের সাথে থাকা আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পরশুরাম মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করেছে। এই ঘটনায় পরশুরাম মডেল থানার উপপরিদর্শক গোলাম হাক্কানি বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম।
রিপোর্টারের নাম 
























