টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে এক মাদরাসা সুপারের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল হাই আল হাদী (৬৫) স্থানীয় বেলুয়া দাখিল মাদরাসার প্রধান সুপার এবং নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ বিলডগা গ্রামের বাসিন্দা ছিলেন। গত বুধবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী মাহবুব আলী ও তার সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে আব্দুল হাইয়ের জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার রাতে বাড়ির ছাদে জমে থাকা বৃষ্টির পানি পড়া নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মাহবুব আলী ও তার সঙ্গীরা আব্দুল হাইকে লক্ষ্য করে হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের স্ত্রী শাহনাজ পারভীন বাদী হয়ে মাহবুব আলীসহ পাঁচজনকে আসামি করে গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 























