টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্তকে দেশের ক্রিকেটের জন্য বড় ধরনের ক্ষতি ও ভুল হিসেবে অভিহিত করেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। মুম্বাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ একটি ক্রিকেটপ্রেমী দেশ, তাই বিশ্বকাপে দলের অনুপস্থিতি সমর্থক ও খেলোয়াড় উভয়ের জন্যই হতাশাজনক ছিল। তৎকালীন সরকারের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তের কারণে ভারত বিশ্বকাপে দল পাঠাতে পারেনি বাংলাদেশ, যার ফলে স্কটল্যান্ড সেই সুযোগ পায়। ১৯৯৯ সালের পর এটাই ছিল বাংলাদেশের প্রথম বিশ্বকাপ মিস করার ঘটনা।
এই ঘটনার জেরে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যকার সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন সাকিব। তিনি মনে করেন, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং দুই দেশের মধ্যে নিয়মিত সিরিজ আয়োজন সম্পর্ক পুনরুদ্ধারে সাহায্য করবে। এছাড়া তামিম ইকবালকে বিসিবির অস্থায়ী কমিটির সভাপতি হিসেবে নিয়োগের বিষয়টি ইতিবাচক উল্লেখ করে সাকিব জানান, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে বলে তিনি বিশ্বাস করেন। বর্তমানে দেশের বাইরে থাকা এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী এবং দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
রিপোর্টারের নাম 

























