পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৮) নামে এক আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আহমদনগর এলাকায় মিলগেট বাজার-ফুলতলা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান হক বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সদ্দারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে পঞ্চগড় শহর থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন সোলায়মান। পথে আহমদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 
























