আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় ও তারকাবহুল করতে হলুদ কার্ডের বিদ্যমান নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপ পর্বে কোনো খেলোয়াড় একটি হলুদ কার্ড পেলেও নকআউট পর্বে তার কোনো প্রভাব থাকবে না।
ফিফা কাউন্সিলের সাম্প্রতিক বৈঠকে এই প্রস্তাব অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, নকআউট পর্ব শুরু হওয়ার আগে খেলোয়াড়দের ব্যক্তিগত কার্ডের রেকর্ড মুছে ফেলা হবে। মূলত ৪৮ দলের বর্ধিত আসরে ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই শিথিলতা। একইভাবে কোয়ার্টার ফাইনালের পর কার্ডের রেকর্ড পুনরায় বাতিল করা হবে, যাতে সেমিফাইনাল ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বড় তারকারা নিষেধাজ্ঞার কবলে না পড়েন।
এছাড়া এই আসরকে ঘিরে আর্থিক বরাদ্দেও বড় পরিবর্তন এনেছে ফিফা। অংশগ্রহণকারী দেশগুলোর জন্য মোট বাজেট ১৫ শতাংশ বাড়িয়ে ৮৭১ মিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই আসরটি ইতিহাসের সবচেয়ে বড় ও বাণিজ্যিকভাবে সফল টুর্নামেন্ট হবে বলে আশা করছে ফিফা।
রিপোর্টারের নাম 

























