কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে হিম্মতপুর নামক স্থানে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানসহ এসব পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) সূত্র জানায়, নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়। বিজিবির একটি টহল দল সীমান্তের আড়াই কিলোমিটার অভ্যন্তরে সন্দেহভাজন একটি যানবাহনে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় কাপড় উদ্ধার করে।
অভিযানের বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি)-এর অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত চোরাচালানি মালামাল নিয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্যের প্রবেশ রোধে বিজিবির এ ধরনের কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 
























