রংপুরের পীরগাছায় চলন্ত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে সাফিয়া আক্তার (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ইটাকুমারী ইউনিয়নের হেলিপ্যাড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাফিয়া আক্তার কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর সুজন মিয়ার মেয়ে সাফিয়া অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে নিয়ে অটোভ্যানে করে পীরগাছা বাজারের দিকে যাচ্ছিলেন। হেলিপ্যাড এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত সাফিয়ার গলার ওড়নাটি অটোভ্যানের চাকায় জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই শ্বাসরোধ হয়ে সে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাফিয়া আক্তারের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম বলেন, ‘সাফিয়া আক্তার খুব শান্ত মেজাজের মেয়ে ছিল। ওর এভাবে চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না।’ পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, লাশের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























