বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম লড়াই আজ মাঠে গড়াচ্ছে। এই সিরিজে দুই দলের অভিজ্ঞতার ব্যবধান চোখে পড়ার মতো। বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের ১২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও কিউই অধিনায়ক টম লাথামের ঝুলিতে রয়েছে মাত্র ২৯টি ম্যাচ। কেবল অধিনায়কই নয়, পুরো স্কোয়াডের অভিজ্ঞতায়ও স্বাগতিকরা যোজন যোজন এগিয়ে। বাংলাদেশের স্কোয়াডের মোট ম্যাচ সংখ্যা ৫৪৮, যেখানে নিউজিল্যান্ডের ২৯৮।
তবে অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও পরিসংখ্যানে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। দুই দলের মধ্যকার ২০টি টি-টোয়েন্টি লড়াইয়ের মধ্যে কিউইরা জিতেছে ১৫টিতে, আর বাংলাদেশের জয় মাত্র ৪ ম্যাচে। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। পরিসংখ্যানের এই ঘাটতি থাকলেও মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে টাইগাররা। অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, নিউজিল্যান্ডকে বড় দল হিসেবে সম্মান করেই তারা মাঠে নামবেন এবং পটেনশিয়াল কাজে লাগিয়ে জয়ের চেষ্টা করবেন।
অন্যদিকে, কিউই অধিনায়ক টম লাথাম অভিজ্ঞতার ঘাটতি নিয়ে খুব একটা চিন্তিত নন। তিনি মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে তার দলের সদস্যদের ম্যাচ খেলার সংখ্যা কম হলেও ঘরোয়া ক্রিকেটে তারা প্রচুর ম্যাচ খেলেছেন। সেই অভিজ্ঞতা আন্তর্জাতিক অঙ্গনে কাজে লাগিয়ে ভালো ফল বয়ে আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 

























