ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নেমে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। ম্যাচের ৫৯তম মিনিটে তার এই অপ্রত্যাশিত বিদায় এবং মাঠ ছাড়ার সময় দর্শকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানানোর দৃশ্য অনেকের মনেই বিদায়ের ইঙ্গিত হিসেবে ধরা দিয়েছে।
লিভারপুল কোচ আর্নে স্লট ম্যাচ শেষে জানিয়েছেন, সালাহর চোটের মাত্রা এখনো নিশ্চিত নয়। তবে মৌসুম শেষ হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকায় তার পক্ষে মাঠে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। স্লট বলেন, ‘আমরা অপেক্ষা করছি। দেখতে হবে সে আবার খেলতে পারে কি না।’
এদিকে মিসর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান আরও স্পষ্ট করে বলেছেন, সালাহর পুরোপুরি সুস্থ হতে প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে। তার মতে, লিভারপুলের হয়ে হয়তো শেষ ম্যাচটিই খেলে ফেলেছেন এই ফরোয়ার্ড। চলতি মৌসুম শেষেই সালাহর ৯ বছরের লিভারপুল ক্যারিয়ারের ইতি টানার কথা ছিল। তাই এই চোট তার সম্ভাব্য বিদায়কে আরও রহস্যে ঢেকে দিয়েছে।
২০১৭ সালে এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে ৪৩৫ ম্যাচে ২৫৭ গোল করেছেন সালাহ। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি কিংবদন্তি ইয়ান রাশ ও রজার হান্টের পর তৃতীয় স্থানে রয়েছেন। তবে চলতি মৌসুমে তার পারফরম্যান্স কিছুটা ম্লান ছিল, প্রিমিয়ার লিগে মাত্র ৭ গোল করেছেন, যা লিভারপুল ক্যারিয়ারে তার সর্বনিম্ন।
এখন একটাই প্রশ্ন, মোহামেদ সালাহ কি আরেকবার লিভারপুল জার্সিতে মাঠে ফিরতে পারবেন, নাকি অজান্তেই তার শেষ ম্যাচটি খেলা হয়ে গেছে?
রিপোর্টারের নাম 

























