ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো দুটি আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। এই দুটি অভিযোগের একটিতে শেখ হাসিনাসহ ১৭ জনকে এবং অপরটিতে শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বুধবার (৮ অক্টোবর) জানান, “আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুমের অভিযোগে দুটি এবং জুলাই আন্দোলনে গুলি করার অভিযোগে বিজিবির অফিসারদের বিরুদ্ধে একটিসহ মোট তিনটি ফরমাল চার্জ দাখিল হয়েছে।”
প্রদত্ত আনুষ্ঠানিক অভিযোগগুলো হলো:
১. গুমের (টিএফআই) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ।
২. গুমের (জেআইসি) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ।
৩. জুলাই আন্দোলনে রামপুরায় বিজিবির গুলির ঘটনায় ৪ জনের বিরুদ্ধে ৬টি অভিযোগ।
এর আগে ৬ অক্টোবর চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, খুব দ্রুতই এই সপ্তাহের মধ্যে “অনেকগুলো ঘটনা ঘটবে” এবং সে ব্যাপারে তিনি এখনই কিছু বলতে চাননি।
তদন্ত শেষ হয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “গুমের মামলা তো অনেক। সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে।” তিনি আরও যোগ করেন, যেহেতু এটি একটি জটিল মামলা, সে জন্য খুব খুঁটিনাটি বিষয়গুলো পরীক্ষা করা হচ্ছে। তিনি নিশ্চিত করেন, তদন্তের রিপোর্ট এই সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে।
রিপোর্টারের নাম 


















