চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে হলে শিক্ষার্থীদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা জরুরি। তিনি উল্লেখ করেন, লন্ডনের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে তারেক রহমানের ‘আই হ্যাভ আ প্ল্যান’ বার্তাটি বর্তমান প্রজন্মের জন্য একটি বড় অনুপ্রেরণা হতে পারে। শিক্ষার্থীদের সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন তিনি।
শনিবার সন্ধ্যায় পটিয়া উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের নবনির্মিত তোরণ উদ্বোধন, এতিম শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান, আজীবন দাতা সদস্য সম্মাননা এবং বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।
এমপি এনাম বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই এবং জ্ঞান কখনো ভাগ করা যায় না। একটি সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষিত ও সচেতন নাগরিক প্রয়োজন। বিশেষ করে দেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে তরুণ সমাজকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। অনুষ্ঠানে তিনি বিদ্যালয়ের পাশের একটি রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুকান্ত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























