হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের চলমান ফাইনাল পরীক্ষা বিদ্যুৎ বিভ্রাটের কারণে মাঝপথে বাতিল করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা থাকলেও পরীক্ষার জন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ কৃষি অনুষদের লেভেল-৪, সেমিস্টার-১ এর ফাইনাল পরীক্ষা শুরু হয়েছিল দুপুর ১২.৩০ মিনিটে এবং শেষ হওয়ার কথা ছিল বিকেল ৩.৩০ মিনিটে। কিন্তু পরীক্ষা শুরুর মাত্র আধা ঘণ্টার মধ্যেই প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ চলে যাওয়ায় পরীক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করেন। বিদ্যুৎ আসার পর পরীক্ষা পুনরায় শুরু হলেও কিছুক্ষণ পরই আবার বিদ্যুৎ চলে যায়, যা প্রায় ৪০ মিনিট স্থায়ী হয়। এই দীর্ঘ সময়ে পরীক্ষাকেন্দ্রে আলোর কোনো বিকল্প ব্যবস্থা রাখা হয়নি। ফলে, নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি এবং পুরো পরীক্ষাটিই বাতিল ঘোষণা করা হয়। ঈদের পর এই কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেছেন। একজন শিক্ষার্থী জানান, আমরা মোবাইলের ফ্ল্যাশলাইট বা মোমবাতি জ্বালিয়ে হলেও পরীক্ষা দিতে প্রস্তুত ছিলাম। কিন্তু পরীক্ষা বাতিল হওয়ায় আমরা হতাশ।
এ বিষয়ে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান বাহাদুর জানান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘ সময় ডিউটিতে থাকতে না চাওয়ায় পরীক্ষা বাতিল হয়েছে। বিকল্প ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, কৃষি অনুষদের একটি ব্যাচে প্রায় ৩০০ শিক্ষার্থী রয়েছে এবং অনুষদের অন্য সব শ্রেণিকক্ষে ক্লাস-পরীক্ষা চলমান থাকায় কোনো বিকল্প ব্যবস্থা করা সম্ভব হয়নি।
রিপোর্টারের নাম 





















