জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) অতিরিক্ত আলোকসজ্জা পরিহার এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাজধানীর ডেসকো আওতাধীন শপিং মল, বিপণিবিতানসহ আবাসিক ও বাণিজ্যিক স্থাপনায় বিশেষ অভিযান চালিয়েছে। গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় এই অভিযান শুরু হয়।
সরকারের নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট, দোকানসমূহ সময়মতো বন্ধকরণের নিমিত্তে ডেসকো কর্তৃক নিয়মিত বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ডেসকো আওতাধীন মিরপুর এলাকার মার্কেট, শপিংমল এবং দোকান সমূহে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) ডেসকো হাদিউজ্জামান।
ডেসকো আওতাধীন গুলশান-বনানী অঞ্চলেও একটি অভিযান পরিচালিত হয় ২২ এপ্রিল বুধবার সন্ধ্যায়। সেই অভিযানে নেতৃত্ব দেন ডেসকোর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম। অভিযানকালে স্পার্ক গিয়ার, বেস্টবাইসহ কিছু প্রতিষ্ঠানকে আইন অমান্য করায় দশ হাজার (১০,০০০.০০) টাকা করে জরিমানা করা হয়। এছাড়া প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জার দায়ে গুলশানের একটি খাবারের দোকান থেকে জরিমানা আদায় এবং কিছু অপ্রয়োজনীয় ডিসপ্লে লাইট জব্দ করা হয়। পাশাপাশি লিফলেট বিতরণ ও মাইকিং করে ব্যবসায়ীসহ সর্বসাধারণকে সচেতন করার কাজ চলমান রয়েছে।
ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ এবং নির্বাহী পরিচালক অপারেশন প্রকৌশলী মো. রশিদুর রহমানের তত্ত্বাবধানে এই অভিযানে আরও উপস্থিত ছিলেন ডেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম রব্বানী, সনাতন দত্ত, শফিকুল ইসলাম, প্রকৌশলী আব্দুল লতিফ মিয়া, মো. রায়হান আরেফিনসহ আরও অনেক কর্মকর্তা-কর্মচারী।
রিপোর্টারের নাম 





















