দেশের ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে প্রবাসীদের পাঠানো আয়ের (রেমিট্যান্স) পরিধি বাড়ানো অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা ও অব্যবস্থাপনা কাটিয়ে দেশকে পুনর্গঠন করতে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, ২০২৬ থেকে ২০৩১ সালের মধ্যে ইউরোপের শ্রমবাজারে অন্তত ১০ লাখ দক্ষ জনশক্তি পাঠানোর মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, ‘আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। রেমিট্যান্স আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি, তাই প্রবাসীদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি নতুন নতুন শ্রমবাজার খুঁজে বের করতে হবে।’
বৈদেশিক মুদ্রা অর্জনে পর্যটন খাতের সম্ভাবনার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, কক্সবাজার বা কুয়াকাটার মতো পর্যটন কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারলে এটি বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হতে পারে। সেমিনারে প্রবাসীদের রাষ্ট্রীয় অধিকার ও দক্ষ জনশক্তি তৈরির বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞরা তাদের মতামত তুলে ধরেন।
রিপোর্টারের নাম 
























