মিরপুর পর্ব শেষ করে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখন বন্দরনগরী চট্টগ্রামে। সিরিজের প্রথম দুই ম্যাচে মিরপুরের উইকেট নিয়ে নানা আলোচনা থাকলেও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট নিয়ে খুব একটা কথা বলতে আগ্রহী নয় সফরকারী নিউজিল্যান্ড। সিরিজের ভাগ্য নির্ধারণী শেষ ম্যাচের আগে উইকেট নিয়ে এক প্রকার রহস্যই জিইয়ে রাখলেন কিউই পেসার উইল ও’রোর্ক।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উইকেট প্রসঙ্গে ও’রোর্ক জানান, আগের ভেন্যুগুলোর মতো এখানেও ভালো উইকেট প্রত্যাশা করছেন তারা। উইকেট নিয়ে অতিরিক্ত কথা বলতে অনিচ্ছুক এই পেসার বলেন, ‘আমি জানি না উইকেট নিয়ে কেন এত আলোচনা হচ্ছে। তবে আমার কাছে মনে হয়েছে এটি একটি দারুণ উইকেট। আমাদের মূল লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। আশা করছি উইকেটে কিছুটা অসমান বাউন্স থাকতে পারে, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে।’
বাংলাদেশের পেস বোলিং ইউনিটের সাম্প্রতিক উন্নতি নিয়ে বেশ ইতিবাচক মন্তব্য করেছেন ও’রোর্ক। বিশেষ করে মোস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ বোলারের একাদশের বাইরে থাকা নিউজিল্যান্ড শিবিরের নজর কেড়েছে। কিউই এই পেসারের মতে, বাংলাদেশের বর্তমান পেস আক্রমণ বিশ্বমানের। গত ম্যাচে তরুণ বোলার রানার পারফরম্যান্স এবং সাইড বেঞ্চের শক্তি প্রমাণ করে যে স্বাগতিকরা এখন পেস বোলিংয়ে কতটা সমৃদ্ধ।
সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে ট্রফি নিজেদের করে নিতে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। ও’রোর্ক মনে করেন, বাংলাদেশের মাটিতে সিরিজ জয় কঠিন হলেও তারা সেই চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত। এখন দেখার বিষয়, চট্টগ্রামের উইকেটে টাইগারদের পেস আক্রমণ সামলে কিউইরা শেষ হাসি হাসতে পারে কি না।
রিপোর্টারের নাম 
























