নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। এই সিরিজে অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তরুণ পেসার নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
তবে এই পরিবর্তনগুলোর মধ্যে একটি বড় খবর হলো, পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনের জাতীয় দলে অভিষেক। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি টি-টোয়েন্টিতে ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখিয়ে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। লোয়ার অর্ডারে একজন কার্যকরী ব্যাটসম্যান হিসেবেও তিনি পরিচিত। এছাড়াও, ডেথ ওভারে বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো ডানহাতি পেসার রিপন মণ্ডলেরও দলে ডাক পেয়েছেন। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার এর আগে ২০২৩ এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে, যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ২ মে অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন: লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, সাইফ উদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।
রিপোর্টারের নাম 

























