চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টা থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৮টি কেন্দ্রে ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। এবার এই বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৭২৪ জন। এর মধ্যে ৫৬ হাজার ৩৫১ জন ছাত্র এবং ৭৪ হাজার ৩৭৩ জন ছাত্রী।
মঙ্গলবার বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সূত্রমতে, ২১৮টি কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৪ হাজার ৯৯১ জন, মানবিক বিভাগে ৪৩ হাজার ৯৮৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে চট্টগ্রাম মহানগর ও জেলার ৯২ হাজার ৩৩৮ জন, কক্সবাজারে ১৮ হাজার ৯২৪ জন, রাঙামাটিতে ৭ হাজার ৪১৭ জন, খাগড়াছড়িতে ৮ হাজার ৭১ জন এবং বান্দরবানে ৩ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী রয়েছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করেছে, যার মধ্যে ৬৬টি সাধারণ এবং ১০টি বিশেষ টিম মাঠে কাজ করবে।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) প্রধান নির্বাহী বরাবর চিঠি দেওয়া হয়েছে। নকল এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং পরীক্ষাকেন্দ্রের আশপাশ থেকে সবাইকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।
রিপোর্টারের নাম 





















