ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শন করেছেন। মেঘনা নদী থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি সরবরাহের সক্ষমতা সম্পন্ন এই শোধনাগারটি পরিদর্শনকালে তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ব্যবস্থাপনা পরিচালক প্রথমে আড়াইহাজার উপজেলার বিষনন্দীতে মেঘনা নদীর তীরে অবস্থিত ইনটেক পয়েন্ট পরিদর্শন করেন এবং পরে রূপগঞ্জস্থ প্লান্ট এলাকা ঘুরে দেখেন। এ সময় প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদসহ নির্মাণকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ব্যবস্থাপনা পরিচালককে প্লান্টের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ব্যবস্থাপনা পরিচালক আশা প্রকাশ করেন যে, ঢাকার পূর্বাঞ্চলে আগামী ডিসেম্বরের মধ্যে এই শোধনাগার থেকে আংশিকভাবে পানি সরবরাহ শুরু করা সম্ভব হবে। তিনি প্রকল্পের অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মো. আমিনুল ইসলাম আরও বলেন, এই প্রকল্প থেকে পানি সরবরাহ চালু হলে রাজধানী মহানগরীর পূর্বাঞ্চলের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে। এর ফলে ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার যে লক্ষ্য ঢাকা ওয়াসা নির্ধারণ করেছে, তা অর্জন করা সম্ভব হবে। তিনি উল্লেখ করেন যে, এই শোধনাগার চালু হলে কয়েকশ গভীর নলকূপ বন্ধ হয়ে যাবে, যা পরিবেশের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।
উল্লেখ্য, গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম পর্যায় থেকে দৈনিক ৫০ কোটি লিটার এবং দ্বিতীয় পর্যায় থেকেও সমপরিমাণ পানি অর্থাৎ মোট দৈনিক ১০০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে।
রিপোর্টারের নাম 



















