দেশে হামের সংক্রমণ ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি তিনজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ৬০৬ জন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৯৭ জন। ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৪৩ জনে। এই সময়ের মধ্যে সব মিলিয়ে ৩৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
পরিসংখ্যানে আরও দেখা গেছে, গত এক মাসে ১৫ হাজার ৩২৬ জন রোগী হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৩৯৬ জন। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে।
রিপোর্টারের নাম 
























